
ঢাকা: রাজধানীর ডেমরায় ডাকাতির সঙ্গে জড়িত একজনকে ধরতে অভিযানে গিয়ে হামলার শিকার হয়ে গুলি ছুড়েছে পুলিশ। এতে এক যুবক আহত হয়েছেন। গুলিবিদ্ধ ওই যুবকের নাম মিনহাজিন আবেদীন (২৭)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, গতকাল (শুক্রবার) রাত ১০টায় আড়াইহাজার এলাকায় একটি ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, ডাকাতির ঘটনায় জড়িত সজীব নামের এক ব্যক্তি ঢাকার ডেমরার বামৈল এলাকায় অবস্থান করছেন। পরে রাত ৪টার দিকে ডেমরা থানা পুলিশকে জানিয়ে সজীবকে গ্রেফতার করতে যায় আড়াইহাজার থানা পুলিশ।